মিষ্টিতে পোকা ঝুলিয়ে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টার অভিযোগ, হাবড়া থানায় লিখিত অভিযোগ শ্রীকৃষ্ণ সুইটস কর্তৃপক্ষের!
____________________________
সংবাদ দাতা : মিষ্টিতে কৃত্রিমভাবে পোকা মিশিয়ে ব্যবসা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ফোন দাবি করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠলো হাবড়ায় এক ক্রেতার বিরুদ্ধে। এই ঘটনায় হাবড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাবড়া প্রফুল্লনগর এলাকার প্রখ্যাত মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘শ্রীকৃষ্ণ সুইটস’-এর মালিক নয়ন ঘোষ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ই সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা 'শ্রীকৃষ্ণ সুইটস' থেকে দুটি লাড্ডু ও দুটি সন্দেশ কেনেন। এর আনুমানিক এক থেকে দেড় ঘণ্টা পর দোকানে ফিরে এসে মিষ্টির মধ্যে পোকা রয়েছে বলে দাবি করেন এবং দোকানে গোলমাল সৃষ্টি করেন। পরবর্তীতে বিকেল ৪টা থেকে ৪:৩০টা নাগাদ কৃত্রিমভাবে পোকা মেশানো মিষ্টির ছবি ও ভিডিও বানিয়ে নয়নবাবুর হোয়াটসঅ্যাপে পাঠায় এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে।
দোকানের মালিক নয়ন ঘোষ জানান, অভিযুক্তরা বারবার তাঁকে ব্ল্যাকমেইল করে এবং সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের বাড়িতে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়। নয়নবাবু সেখানে গেলে পোকাযুক্ত ভিডিওটি মুছে ফেলা ও বিষয়টি ধামাচাপা দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা একটি ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ ফোন এবং নগদ ১০,০০০ টাকা দাবি করেন।
নয়নবাবুর দাবি, তাঁর কারখানা সম্পূর্ণ আধুনিক ও স্বয়ংক্রিয় এবং সেখানে 'ফ্যাসাই'-এর সমস্ত নিয়ম মেনেই অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। চাল বা মাংসের কাঁচা পোকা মিষ্টির উপর এভাবে থাকা কোনোভাবেই সম্ভব নয়। তাঁকে ব্ল্যাকমেইল করে টাকা ও দামি ফোন হাতানোর উদ্দেশ্যেই এই চক্রান্ত করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দেবী নগর এলাকার বাসিন্দা শায়লী সূত্রধর ও সুব্রত দে নামের দুই ব্যক্তির বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নয়ন ঘোষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
16 views