শিলিগুড়িতে বার ডান্সারের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য এলাকায়।
শিলিগুড়ি:- শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবানী (২৮), তিনি পাঞ্জাবের বাসিন্দা। শিলিগুড়ির একটি বারে বার ডান্সার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, ভক্তিনগর থানার অন্তর্গত দুর্গা নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে দাবি, ঘটনার আগের রাতে ওই বিল্ডিংয়ে প্রচুর ঝামেলা হয় এবং বাইরে থেকে একাধিক যুবকের আনাগোনা লক্ষ্য করা যায়। কয়েক ঘণ্টার মধ্যেই যুবতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এটি আত্মহত্যা নাকি খুন—তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এলাকাবাসীর আরও অভিযোগ, এর আগেও একই বাড়িতে একই ধরনের দুটি মৃত্যুর ঘটনা ঘটেছিল। পাশাপাশি, মৃতার সঙ্গে প্রায় ১০-১৫ জন থাকতেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই তারা সকলেই ঘর ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। যদিও বর্তমানে সেখানে থাকা অন্যান্য ভাড়াটিয়ারা এই বিষয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন।
এদিন ঘটনাস্থলে পৌঁছান ৪০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জিতেন্দ্র সরেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে , এলাকায় দীর্ঘদিন ধরেই রাতের বেলায় বহিরাগতদের আনাগোনা এবং উচ্চ শব্দের সমস্যা রয়েছে। এমনকি রাস্তায় নেশার আসর বসার অভিযোগও ওঠে।
তিনি জানান, বাড়ির মালিকের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি, ওয়ার্ডের মধ্যে যেসব মহিলারা বার-সংক্রান্ত পেশায় যুক্ত থেকে ভাড়া থাকছেন, তাদের তথ্যভাণ্ডার তৈরি করা হবে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।